হাইকোর্টের নিদের্শ উপেক্ষার অভিযোগে খুলনার ওয়াসার নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার ঃ আগামী শুক্রবার (১০ জুন) খুলনা ওয়াসায় অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন না ২৪ জন বিভাগীয় প্রার্থী। এ নিয়ে তারা হাইকোর্টে রীট করলে আদালত আদেশের কপি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্ত কর্তৃপক্ষ এই আদেশ আমলে না নিয়েই পরীক্ষা গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রীটকারীরা। অপর দিকে আদালত রীট খারিজ করে দিয়েছে দাবি করে কর্তৃপক্ষ বলছে, খুলনা ওয়াসার প্রবিধান অনুযায়ী বিভাগীয় প্রার্থীদের আবেদনের সুযোগ নেই। এ ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ধূমায়িত হয়ে উঠেছে। রীট কারীদেও আবেদন সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসা ২০২৫ সালের ১০ নভেম্বও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা ১৩তারিখে কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। প্রচলিত নিয়মে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিধান থাকলেও ওয়াসার এই বিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থীদের কোনো সুযোগ রাখা হয়নি। সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বৈদ্যুতিক), প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও টাইপিস্ট, রাজস্ব তত্ত্বাবধায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, ক্যাশিয়ার, স্টোরকিপার, সিনিয়র সহকারী, পাম্প অপারেটর, যান্ত্রিক টেকনিশিয়ান ও বৈদ্যুতিক টেকনিশিয়ানের মোট ২১টি পদে নিয়োগ দেওয়া হবে। ওয়াসায় বর্তমানে বিভিন্ন পদে কর্মরত ২৪ জন এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে আবেদন করলেও তাদেরকে প্রত্যাখ্যান করা হয়। যার প্রেক্ষিতে তারা হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন, নং-২২৭৩/২০২৬। গত ১৪ জুন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে আপীলের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালত মামলার ২নং রেসপনডেন্ট খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আপীলকারীদের আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ দেন। কর্তৃপক্ষ আইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
হাইকোর্টে রীটকারী খুলনা ওয়াসার ভান্ডার রক্ষক পদে কর্মরত মো: রবিউল ইসলাম অভিযোগ করেন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করতে চেয়েছিলাম। ওয়াসায় আমার ১০ বছর চাকরির অভিজ্ঞতা আছে। এছাড়া আমাদেও অনেকের প্রমোশন ডিউ রয়েছে। পুরনো কর্মচারীদেও বিষয়টি বিবেচনা না করেই নতুনদেও নিয়োগ দিয়ে বড় ধরনের নিয়োগ বাণিজ্য হতে যাচ্ছে বলে আমরা আভাস পাচ্ছি। হাইকোর্টে রীটকরায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিভাগীয় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার অভিযোগ করেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ওয়াসা সহ দেশের সব সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থীদের জনবিশেষ সুযোগ এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকে। একমাত্র খুলনা ওয়াসায় খামখেয়ালীপূর্ণ ভাবে এই নিয়ম মানা হয় না। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ সৃষ্টি হয়। তিনি জানান, ২০২০ সালে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে তিনি হাইকোর্টে রীট করায় সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। মামলাটি এখনও চলমান।
খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপন পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা জানান, নিয়োগ পরীক্ষার বিষয়ে হাইকোর্টে একটি রীট হয়েছিল। হাইকোর্ট সেটি খারিজ করে দিয়েছেন। খুলনা ওয়াসা পরিচালনায় নিজস্ব প্রবিধান রয়েছে। সেখানে বিভাগীয় প্রার্থীদের জন্য আলাদা কোন বিধান নেই। ফলে নীতিমালার বাইরে গিয়ে কাউকে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, শুক্রবার সকাল ১০ টায় খুলনা জিলা স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।



