স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বচ্ছতা-জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী জনসেবামুলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান

# রূপসায় মাস্টারপ্লান সম্পর্কে মতবিনিময় সভায় কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করে শতভাগ জনকল্যাণমুখী জনসেবামুলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। সে কারণেই দেশের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে জনগণের প্রতিনিধি নিযুক্ত করেছেন। খুলনার পরিকল্পিত টেকসই উন্নয়নে প্রকল্প গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন। যশোরের নওয়াপাড়া থেকে শুরু করে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত কেডিএ’র আওতাধীন এলাকাসমূহে গৃহীত প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক খুলনা অঞ্চল বিনির্মাণে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রূপসা উপজেলার ৩৪টি মৌজা নিয়ে কেডিএ একটি নান্দনিক পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
গতকাল বুধবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। একই সাথে আগামী ১১ জুলাই সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগনের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় খুলনার সর্বস্তরের মানুষকে অংশগ্রহনের আমন্ত্রণ জানিয়েছেন।
কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা আরও বলেছেন, আমি দায়িত্ব গ্রহনের পর কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নির্দেশ দিয়েছি- কেডিএ হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। যত বড় ফাইলই হোক, সাতদিনের মধ্যে ফাইল ছেড়ে দিবেন। খুলনাবাসীকে অযথা হয়রানি করবেন না। কারো বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। কেডিএ হবে বৃহত্তর খুলনাবাসীর, সবার প্রতিষ্ঠান। একটা সময় কেডিএতে সবাই ঢুকতে পারতেন না, কিন্তু এখন প্রয়োজনীয় সেবা গ্রহিতদের জন্য বর্তমানে কেডিএ’র দরজা সবার জন্যই খোলা। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক খুলনা বিনির্মাণের পাথেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।
রূপসা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখার আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন কেডিএ’র নগর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ। কেডিএ’র সহকারী নগর পরিকল্পনাবীদ মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় রূপসার অন্তত ১৩জন স্থানীয় বাসিন্দা তাদের মতামত তুলে ধরেন।
এসময়ে আরও বক্তৃতা করেন কেডিএ’র সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্ট’র সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু, রাজনীতিবীদ ও সমাজসেবক জিএম কামরুজ্জামান টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান সাইফ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button