খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগীদের মধ্যে ৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং কোনো সন্দেহজনক বা নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, ১৫ মার্চ থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭,৫৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭,১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬,৮৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
একই সময়ে বিভাগে ২২১ জনের হাম নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বাধিক ২,০২৫ জন সন্দেহজনক রোগী কুষ্টিয়া জেলায়, এরপর ১,১১৬ জন খুলনা, ১,০৪৩ জন সাতক্ষীরা, ৮০১ জন যশোর, ৬১৩ জন ঝিনাইদহ, ৫১১ জন মেহেরপুর, ৪৪৯ জন নড়াইল, ৪৩৩ জন চুয়াডাঙ্গা এবং ৩৭১ জন বাগেরহাটে শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।



