কেশবপুরে ওয়ার্ড বিএনপি নেতার হাতে স্যানেটারি মিস্ত্রি পরিবারসহ আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পৌরসভার ভোগতি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুল কুদ্দুসের অত্যাচারে অতিষ্ঠ ভোগতি এলাকার স্যানেটারি মিস্ত্রি আবু বক্কার সিদ্দিক সরদার ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর শহরে ভোগতি এলাকার আবু বক্কার সিদ্দীক সরদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বৃহস্পতিবার গাছের চারা ভাঙ্গাকে কেন্দ্র করে কুদ্দুস সরদারের নেতৃত্বে ইবাদ আলী, জাকির হোসেনসহ অজ্ঞাত নামা একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবু বক্কার সিদ্দিক ও তার ছেলে ইসরাফিল হোসেনকে মারপিট করে। এসময় ঠেকাতে আসলে ইসরাফিল হোসেনের স্ত্রী জোহরা খাতুন ও সাত বছরের শিশু পুত্র রায়হান হাসানকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আবু বক্কার সিদ্দিক বলেন, আব্দুল কুদ্দুস ভোগতি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে আমার পরিবারের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসন ও বিএনপির উদ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুুন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
