খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত হলো বাম হাত চালিত নতুন গাড়ি

সাইফুল্লাহ তারেক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যুক্ত হয়েছে একটি নতুন বাম হাত চালিত (খবভঃ-ঐধহফ উৎরাব) গাড়ি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে গাড়িটি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে টিটিসি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই বাম হাত চালিত গাড়ি চলাচলের নিয়ম রয়েছে। ফলে দেশীয় সাধারণ ড্রাইভিং লাইসেন্স বা প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশি চালকদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো। এই চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশেষ এ উদ্যোগ গ্রহণ করেছে।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জানান, “মাননীয় মন্ত্রী মহোদয়ের এই যুগোপযোগী উদ্যোগের ফলে খুলনার প্রশিক্ষণার্থীরা এখন থেকে টিটিসিতে বসেই বাম হাত চালিত গাড়ি চালানোর বাস্তব ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিতে পারবেন। এতে করে বিদেশগামী চালকদের দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং তারা বিদেশে গিয়ে সরাসরি ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবেন।”উল্লেখ্য, প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি চালকদের চাহিদা মেটাতে সরকার ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ’ প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন টিটিসিতে আধুনিক সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করে আসছে। নতুন এই গাড়ি যুক্ত হওয়ায় খুলনা অঞ্চলের বিদেশগামী চালকদের ড্রাইভিং প্রশিক্ষণে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



