স্থানীয় সংবাদ

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ : বাড়িওয়ালা পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টার : খুলনা নগরের মিস্ত্রিপাড়ায় ছয় থেকে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আল মামুনের বিরুদ্ধে। শিশুটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা ও মুঠোফোনে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয়দের ভাষ্য, নগরের মিস্ত্রিপাড়ার রোকন উদ্দিন সড়কের একটি বাড়িতে শিশুটির যাতায়াত ছিল। এ সুযোগে বাড়িওয়ালা আল মামুন দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে অনাকাক্সিক্ষত আচরণ করে আসছিলেন বলে অভিযোগ। মুঠোফোনে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগও করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে শিশুটি ওই বাড়িতে গেলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে আতঙ্কিত শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তকে ঘিরে ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাঁদের ভয়ভীতি দেখানো হয়েছিল। রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা। স্থানীয়দের দাবি, আল মামুন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি সেনাবাহিনীতে স্টাফ সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আটক করা হয়েছে৷ শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button