জাতীয় সংবাদ

অ্যাপ ইনস্টল করলেই বিকাশ-নগদ-রকেটে ১,৬২৫ টাকা : প্রতারণার ফাঁদ

# বিভিন্ন এনজিওর নামে জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ, প্রতাণার একই ধরণের ফাঁদ
# এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি, নানা কায়দায় ব্ল্যাকমেইল #

প্রবাহ রিপোর্ট ঃ মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তাঁর মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাবে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা। ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেননি। পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন আসে। অপর প্রান্ত থেকে ২ হাজার ৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ হয়েছে। জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তাঁর ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাঁকে ও তাঁর মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাঁদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তাঁর ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র। ব্যবহারকারীর অসচেতনতায়ই সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইলেও আইনি পদক্ষেপ নিতে চান না। তাঁরা শুধু টাকা উদ্ধার কিংবা মানহানিকর কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ করেন। সৈয়দ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চলতি বছরের এপ্রিলে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জবা। পরে পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েক সদস্য গ্রেপ্তার হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবাহকে জানিয়েছেন, চক্রটির সদস্যরা নানা কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করেন। পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তাঁরা অন্যান্য সাইবার অপরাধেও জড়িত। জবার ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হচ্ছে। কখনো ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হচ্ছে। পাশাপাশি চলছে অনলাইন আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং। সাইবার অপরাধীদের লক্ষ্য এখন মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়। এসব ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করা হচ্ছে। কেউ অর্থ দিতে বাধ্য হচ্ছেন, কেউ পড়ছেন সামাজিক ও পারিবারিক সংকটে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সাইবার অপরাধের ১ হাজার ৯৫৭টি অভিযোগ এসেছে। এর মধ্যে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, ব্ল্যাকমেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ ৭১৩টি। যা মোট অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ। ৩৬ শতাংশ অভিযোগ ব্যক্তিগত ছবি ও তথ্য নিয়ে ঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সাইবার অপরাধের ১ হাজার ৯৫৭টি অভিযোগ এসেছে। রাজধানীর বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা এসব অভিযোগ করেছেন। এর মধ্যে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, ব্ল্যাকমেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ ৭১৩টি। যা মোট অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ। এই সময়ে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগ এসেছে ১৯৮টি। ব্ল্যাকমেলের ১৬৬টি এবং অপপ্রচার ও মানহানির ৩৪৯টি। অর্থাৎ সাইবার অপরাধের বড় একটি অংশে মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয় ব্যবহার করা হচ্ছে। এসব অপরাধের প্রতিকার ও প্রতিরোধে করণীয় জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জাবের। তিনি বলেন, ভুক্তভোগীদের আতঙ্কিত না হয়ে ব্ল্যাকমেলকারীর দাবি পূরণ করা থেকে বিরত থাকতে হবে। প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও লিংক সংরক্ষণ করতে হবে। দ্রুত পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারে অভিযোগ জানাতে হবে। পুলিশেরও দ্রুত অভিযোগ গ্রহণ, অপরাধী শনাক্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা এবং ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে বলেও জানিয়েছেন জাবের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে জিম্মি করার ঘটনাগুলোর একটি বড় অংশে পরিচিত ব্যক্তিরা জড়িত। ভাঙতে বসেছিল সংসার ঃ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলি (ছদ্মনাম)। সম্প্রতি পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এরপর শ্বশুরবাড়ির লোকজনসহ স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি পাঠানো শুরু হয়। এ ঘটনায় দুই পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এমনকি তাঁর সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। বেলি বলেন, বিভিন্নজনের কাছে পাঠানো ছবি দেখে বুঝতে পারেন, এগুলো পাঠাচ্ছেন তাঁর পরিচিত একজন। ওই ব্যক্তির সঙ্গে একসময় তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বারবার অনুরোধ করার পরও তিনি ছবি পাঠানো বন্ধ করেননি; বরং ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতা চান বেলি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে আইনি ব্যবস্থা ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়। পুলিশের এই তৎপরতার পর ওই যুবক হয়রানি বন্ধ করেন। পুলিশ জানায়, কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অপরাধীদের হাতে গেলে তা ব্যবহার করে তাঁকে নানা ধরনের চাপের মুখে ফেলা হয়। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীকে আরও ছবি বা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত। আবদুল্লাহ আল জাবের, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। ঋণ থেকে চাকরি, নানা প্রলোভনে অনলাইন প্রতারণা ঃ ‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাঁকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়। পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি এমএফএস সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় জিডি করেন। ভার্চ্যুয়াল মাধ্যমে এ ধরনের প্রতারণা ঘটছে নিয়মিত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার এসব প্রতারণার অভিযোগ কয়েকটি শ্রেণিতে ভাগ করে গ্রহণ করেছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ৫৬টি। মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি। সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ আছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশঙ্কায় অভিযোগ করতে চান না। আবার লিখিত অভিযোগ বা জিডি করলেও সবাই মামলা করতে আগ্রহী হন না। কম ক্ষয়ক্ষতি হওয়া অপরাধের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, অনলাইনে আর্থিক লেনদেনের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে। অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত প্রমাণসহ পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ডেটিং এ্যাপে দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা। ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা। সম্পর্কের ফাঁদে ব্যক্তিগত ছবি, পরে ব্ল্যাকমেল ঃ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিট্র্যাপের ঘটনাও বাড়ছে। এ ধরনের অপরাধে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় কিংবা অনৈতিক দাবি পূরণে বাধ্য করা হয়। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যানে হানিট্র্যাপসহ আরও কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিখোঁজসংক্রান্ত অভিযোগ, ডার্ক ওয়েব ও অবৈধ বাজার পরিচালনার মতো অপরাধ। এসব বিষয়ে মোট ৯৫টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ করেও কেন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা ঃ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ) সৈয়দ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ব্যবহারকারীর অসচেতনতায়ই সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইলেও আইনি পদক্ষেপ নিতে চান না। তাঁরা শুধু টাকা উদ্ধার কিংবা মানহানিকর কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে ভুক্তভোগীরা মামলা ও জিডি করেন। জিডির তুলনায় মামলার সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ঘটনা যাচাই করা হয়। গত ২৫ আগস্ট রাতে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দেলোয়ার হোসেনের (১৯) মুঠোফোন হঠাৎ আপডেট হতে থাকে। এরই মধ্যে তাঁর এমএফএস হিসাব থেকে ৬ হাজার ৯০০ টাকা অন্য একটি নম্বরে চলে যায়। এর মধ্যে ৯০০ টাকা ঋণ হিসেবে নেওয়া হয়। অথচ দেলোয়ার হোসেন কোনো ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাননি। কাউকে পিন নম্বরও জানাননি। এমনকি টাকা লেনদেনের কোনো সতর্কবার্তাও তাঁর কাছে আসেনি। পরে এ ঘটনায় ভাটারা থানায় জিডি করেন তিনি। দেলোয়ার প্রথম আলোকে বলেন, মামলা করতে গেলে পুলিশ তাঁর অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে। পরে তদন্ত না হওয়ায় আবার মামলা করতে যান। কিন্তু মামলা না নিয়ে নানা কথা বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এই ভুক্তভোগী বলেন, পরে পরিচিত একজনের সহযোগিতা চাইলে তিনি জানান, মামলা ও তদন্তের প্রক্রিয়া দীর্ঘ। এতে অনেক খরচ হতে পারে। টাকা উদ্ধারের সম্ভাবনাও কম। এ কারণে এরপর আর আইনি প্রক্রিয়ায় এগোননি তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ায় অনেক ভুক্তভোগী মামলা করেন না। অপরাধীরা এই সুযোগ নিচ্ছে। বড় অঙ্কের অর্থের পরিবর্তে ছোট ছোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াকে তাঁরা তুলনামূলক নিরাপদ কৌশল হিসেবে নিয়েছেন। এতে একদিকে ভুক্তভোগীরা মামলা করতে অনাগ্রহী হন, অন্যদিকে অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। কর্মকর্তাদের ভাষ্য, প্রায় সব সাইবার অপরাধী অন্যের নামে খোলা এমএফএস হিসাব এবং অন্যের নামে নিবন্ধিত মুঠোফোন নম্বর ব্যবহার করে। ফলে তদন্তের একপর্যায়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। এভাবে অপরাধীরা যেমন মানুষের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে, তেমনি পরিচয় আড়াল করে পার পেয়ে যাওয়ার সুযোগও পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button