গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। ওসি আরও জানান, ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।



