বিনোদন

পরিচালক সমিতি থেকে ‘প্রেমের তাজমহল’-এর নির্মাতার পদত্যাগ

প্রবাহ রিপোর্ট ঃ আলোচিত ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক গাজী মাহবুব। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। অনিয়মের অভিযোগ এনে সমিতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি পরিচালক সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে। পদত্যাগপত্রে সমিতির কার্যক্রমে গঠনতন্ত্র অনুসরণ না করা, সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে উপস্থাপন না করার অভিযোগ তুলেছেন গাজী মাহবুব। তিনি অভিযোগ করেন, সহযোগী সদস্য ফরম ও সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের একাধিক ধারা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। একইভাবে সাধারণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে দাবি করেছেন তিনি। এ ছাড়া সমিতির বিভিন্ন অনুষ্ঠান শেষ হওয়ার পর পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের বাধ্যবাধকতা থাকলেও তা নিয়মিত মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন গাজী মাহবুব। পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সভায় উপস্থাপন না করে সময়ক্ষেপণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। কার্যনির্বাহী সদস্যের একটি পদ শূন্য হওয়ার পর ওই পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রেও গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন গাজী মাহবুব। এ ছাড়া অন্যের পরিচালিত সিনেমা বা নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে সদস্যপদের জন্য আবেদন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এভাবে নিয়ম না মেনে অনেক ভুয়া পরিচালক সদস্যপদ পেয়েছেন বলে অভিযোগ তার। গাজী মাহবুব আরও বলেন, ২০২৫-২৬ মেয়াদের সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান মামলা নিয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় তাকে স্পষ্টভাবে অবহিত করা হয়নি। পাশাপাশি রিয়াজুল রিজুর পাঠানো উকিল নোটিশের পর তার করণীয় নিয়েও সমিতির পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়নি। পদত্যাগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গাজী মাহবুব বলেন, ‘বারবার এই অনিয়ম নিয়ে কথা বললেও সুরাহা পাইনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে, যাকে তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।’ তবে গাজী মাহবুবের অভিযোগ নিয়ে পরিচালক সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button