একফ্রেমে ফজর, বহর আর নহর, স্মৃতিকাতর ‘হাড় কিপ্টে’র দর্শকরা

প্রবাহ রিপোর্ট ঃ একসময় টেলিভিশনের পর্দায় তিন ভাইয়ের কা-কারখানা নিয়ে মেতে থাকতেন দর্শক। ফজর, বহর আর নহর- তিন চরিত্রের নামই যেন হয়ে উঠেছিল আলাদা এক নস্টালজিয়া। সেই তিন ভাইকে আবারও একফ্রেমে দেখে পুরোনো দিনের স্মৃতিতে ফিরেছেন দর্শক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতা শামীম জামান, আ খ ম হাসান ও চঞ্চল চৌধুরীর একটি ছবি। ছবিতে তিনজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় একসঙ্গে দেখা যায়। ছবিটি শেয়ার করেছেন আ খ ম হাসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিনজন একই বাড়িতে থাকার অনুভূতি।’ ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমে যায় দর্শকদের। কারণ, একসঙ্গে দেখা এই তিন অভিনেতাকে দেখেই অনেকের মনে পড়ে গেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাড় কিপ্টে’র ফজর, বহর ও নহরের কথা। একজন লিখেছেন, ‘হাড় কিপ্টের সেই জুটিগুলো। আহা, কী সুন্দর প্রাণবন্ত অভিনয়, কতটা মার্জিত অভিনয়। আগের এসব সিরিজগুলো দেখলেই বুঝা যায়। মিস করি সেই সময়গুলো।’ আরেকজন লিখেছেন, ‘নহর, বহর, ফজর- তিন ভাই।’ অন্য একজনের মন্তব্য, ‘নহর, বহর, ফজর তিন ভাই। ফুপাতো ভাই গোল্লা (মোশাররফ করিম) থাকলে পুরাই জমে ক্ষীর হয়ে যেত।’ কেউ আবার লিখেছেন, ‘আবার কবে এক ফ্রেমে দেখতে পাবো?’ আরেক দর্শকের মন্তব্য, ‘মনে পড়ে গেলো হাড় কিপ্টে নাটকের সেই তিন ভাইয়ের কথা।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে ছবিটির মন্তব্যের ঘর।
বলে রাখা যায়, চলতি দশকের টেলিভিশন নাটকের দর্শকদের কাছে ‘হাড় কিপ্টে’ শুধু একটি নাটকের নাম নয়, বরং এক টুকরো স্মৃতি। ১০৬ পর্বের এই ধারাবাহিকের গল্প, চরিত্র আর অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে আছে। নাটকের গল্পে দেখা গিয়েছিল, উত্তরবঙ্গের পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি গ্রামের দুই বন্ধু নজর আলী ও হারাধন দত্ত। দুজনই ভীষণ কৃপণ- যাকে এক কথায় বলা যায় ‘হাড় কিপ্টে’। নজর আলীর তিন ছেলে ফজর, বহর ও নহর। তার স্ত্রী কমলা বানু সংসারের খরচের ব্যাপারে ভীষণ হিসাবি। গ্রামের মানুষ তাকে কিপ্টে বললেও তাতে খুব একটা গায়ে মাখেন না তিনি। বরং তার ধারণা, সবাই তাকে হিংসে করেই এসব বলে। বাবার মতোই নজর আলীর মেঝ ছেলে বহরও কৃপণ। ফলে তার কৃপণতার সবচেয়ে বড় ভুক্তভোগী পরিবারের সদস্যরাই- স্ত্রী কমলাবানু, বড় ভাই ফজর ও ছোট ভাই নহর। অন্যদিকে বিপতœীক হারাধন দত্তের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। মেয়ে শিবানী রাণী দত্তও বাবার মতোই কৃপণ। আর এই পরিবারের কৃপণতার আরেক ভুক্তভোগী ছেলে ভূপেন দত্ত। এই বিচিত্র সব চরিত্র, তাদের কৃপণতা, পারিবারিক টানাপোড়েন আর হাস্যরসের মধ্য দিয়েই এগিয়ে যায় ‘হাড় কিপ্টে’র গল্প। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি নির্মাণ করেন সালাউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশিসহ আরও অনেকে। নাটকে ফজর চরিত্রে শামীম জামান, বহর চরিত্রে চঞ্চল চৌধুরী এবং নহর চরিত্রে আ খ ম হাসানের অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। তাদের সঙ্গে মোশাররফ করিমের ‘গোল্লা’ চরিত্রটিও যোগ করেছিল বাড়তি হাসির রসদ। তাই এত বছর পর ফজর, বহর ও নহরকে একফ্রেমে দেখে স্বাভাবিকভাবেই পুরোনো দিনের সেই হাসি-আনন্দের স্মৃতি ফিরে এসেছে দর্শকের মনে। শুধু অভিনয় নয়, ‘হাড় কিপ্টে’ নির্মাণের সঙ্গে প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন শামীম জামান। তার প্রযোজনা প্রতিষ্ঠান শরৎ টেলিফিল্ম থেকেই নির্মিত হয়েছিল দর্শকপ্রিয় এই ধারাবাহিক। সময় বদলেছে, টেলিভিশনের পর্দার গল্প বলার ধরনও বদলেছে। কিন্তু কিছু চরিত্র থেকে যায় দর্শকের স্মৃতিতে। ফজর, বহর আর নহরও তেমনই তিন চরিত্র- যাদের একসঙ্গে দেখলেই যেন ফিরে আসে টেলিভিশনের সেই হাসিমাখা দিনগুলো।



