খামেনির জানাজায় সৌদি প্রতিনিধিদল : সমবেদনা বাদশাহ সালমান ও যুবরাজের

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সৌদি নেতৃত্বের এই সমবেদনার বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পৌঁছে দেন বলে শনিবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় নিহত হওয়া খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দিন ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন রাখা হয়েছে। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও সেখানে রাখা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, ইরানের বিভিন্ন শহরে রাতভর সমাবেশ করেছেন হাজারো মানুষ। তারা দেশটির ইসলামি শাসনব্যবস্থার সমর্থনে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। সরকারের আশা, শনিবার থেকে রাজধানী তেহরানের রাস্তায় লাখো মানুষ জড়ো হবেন। ১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যেমন জনসমুদ্র দেখা গিয়েছিল, তেমনি দৃশ্য এবারও দেখা যেতে পারে।



