যশোরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণকার নিহত আহত-১

যশোর ব্যুরো ঃ যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জয়দেব সরকার (৫০) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক শাওন হোসেন (২৭)। ১৯ আগষ্ট মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বুঝতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দেব সরকার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে ও শাওন হোসেন খুলনার লবনচরা থানার আমতলা এলাকার আবুল কাশেমের ছেলে।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, জয়দেব সরকারের কেশবপুর বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করেন। কাজ শেষে নিজ বাইসাইকেলের পেছনে একটি গ্যাস সিলিন্ডার বেঁধে ফিরছিলেন। এ সময় কেশবপুর থেকে চুকনগরমুখী শাওনের মোটরসাইকেলের সাথে একটি পিকআপের সংঘর্ষ হয়। শাওন নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেবের বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে জয়দেব রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জয়দেবের লাশ ও শাওনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শাওনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরো জানান, পুলিশ দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।



