রূপসায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার

রূপসা প্রতিনিধি: রূপসায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।আকাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা পউপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করা হয়। মরদেহ আকাশের পরিবারের কাছে হস্তান্তর করেন। নৌ পুলিশ এস আই শিমুল ঘোষ বলেন ,আকাশের মরা দেহ উদ্ধারে সেনের বাজার জেলখানা ঘাট মাঝিদের সহযোগিতা পেয়েছি। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশক সরকার(২২) কে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাটি জানতে পেরে রূপসা ও সদর থানা, নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালায়। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আকাশের পরিবারে তার মা, একজন বিবাহিত বোন, এবং তার স্ত্রী (৫ মাসের অন্তস্বত্ত্বা)। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। আকাশ খুলনা শহরের জলিল টাওয়ারের পাশে হাবিব অপটিক্যাল (চশমার দোকানে) কর্মচারী হিসেবে কাজ করতেন।



