স্থানীয় সংবাদ

খুলনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, তাই বিষয়টি নৌ-পুলিশের আওতায় পড়ে। তাদের অবহিত করার পর তারা লাশ উদ্ধার করে। নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পেয়ে আমরা বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। একটি বস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হতে পারে। তবে তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button