খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ১৬

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৭ জনেই অপরিবর্তিত রয়েছে।
খূলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে বাগেরহাটে ১৫ জন এবং মেহেরপুরে ১ জন ভর্তি হয়েছেন। অন্য কোনো জেলা বা প্রতিষ্ঠানে নতুন রোগী শনাক্ত হয়নি।
জেলাভিত্তিক মোট ভর্তি রোগীর সংখ্যায় বাগেরহাটে সর্বোচ্চ ৫৭৬ জন, এরপর খুলনা জেলায় ৩৩২ জন, যশোরে ১৯৮ জন, নড়াইলে ৯৮ জন, মাগুরায় ৫৯ জন, কুষ্টিয়ায় ৪৫ জন, মেহেরপুরে ৪২ জন, ঝিনাইদহে ২৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং সাতক্ষীরা জেলায় ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকায় সবাইকে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



