খুলনা বিভাগে নিশ্চিত হাম রোগী ৩২৫ : মৃত্যু নেই

# ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক রোগী ৫৬, হাসপাতালে ভর্তি ৫৩ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে স্বস্তির বিষয় হলো, নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খূলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান,, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮ হাজার ৩৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৯০৩ জন হাসপাতালে ভর্তি, ৭ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ৩৩ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগে ৩২৫ জনের হাম নিশ্চিত হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, নিশ্চিত হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি নড়াইলে ৬৪ জন, এরপর বাগেরহাটে ৬২ জন, যশোরে ৫৮ জন, খুলনায় ৪৫ জন, কুষ্টিয়া ও মাগুরায় ২৩ জন করে, সাতক্ষীরায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় ৫৩ জন হাসপাতালে ভর্তি, ৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুও ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



