খুমেক হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রশিক্ষণরত এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) প্রকল্প পরিচালক ডা. আবু জাফর সালেহের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) দুপুরে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলামের সঙ্গে রোগী পরিদর্শন করছিলেন ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স কোর্সের প্রশিক্ষণার্থী চিকিৎসক ডা. জিল্লুর রহমান। এ সময় প্রকল্প পরিচালক ডা. আবু জাফর সালেহ সেখানে যান। তার সঙ্গে ছিলেন ড্যাব নেতা ডা. তাজরুল ইসলাম তাজ, ডেবিট ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা সহ আরও কয়েকজন চিকিৎসক ও বহিরাগত ব্যক্তি। এ সময় ডা. জিল্লুর রহমানকে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে তাকে তৃতীয় তলা থেকে নিচতলায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ডা. জিল্লুর রহমান কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডা. আবু জাফর সালেহ। তিনি বলেন, ডা. জিল্লুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপিপন্থি চিকিৎসকদের নির্যাতনের অভিযোগ রয়েছে। সেই ঘটনার জের ধরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরাও তাকে ওই বিভাগে প্র্যাকটিস করতে চান না বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সোমবার (২৭ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মাসুমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



