শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগী গ্রেফতার, আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সোমবার (২৭ জুলাই) খুলনা সদর থানার বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। কেএমপির দেয়া এক তথ্য অনুযায়ী, খুলনা সদর থানার এসআই (নিঃ) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), মো. টিপু হাওলাদার (২৯) এবং মো. এনামুল হক ইমন (২০)। পুলিশ জানায়, তারা খুলনা সদর থানার মামলা নং-২৯, তারিখ ২২ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার আসামি। এছাড়া তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছিল এবং শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে পরিচিত।
কেএমপি জানায়, গ্রেফতারকৃত শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণাসহ একাধিক মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে একটি সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



