স্থানীয় সংবাদ

পাইকগাছায় তাবু খাটিয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস নিচ্ছে মটবাটি প্রাথমিক বিদ্যালয়

বৃষ্টি হলেই ভিজে বই-খাতা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নং মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত রুম না থাকায় বাধ্য হয়ে ভবনের খোলা ছাদের ওপর তাবু টানিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ছাদের ওপর তাবু টানিয়ে ক্লাস করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলেই পানি পড়ে বই-খাতা ভিজে যায়। বাধ্য হয়ে তখন পাঠদান বন্ধ রাখতে হয়। এই তীব্র দুর্ভোগ ও ছাদ থেকে পড়ে যাওয়ার আতঙ্কে বর্ষাকালে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে চায় না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা রানী ম-ল জানান, বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু পুরো প্রতিষ্ঠানের জন্য শ্রেণিকক্ষ মাত্র পাঁচটি। ফলে এক শিফটে সব শ্রেণির পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই নতুন ভবনের খোলা ছাদের ওপর তাবু টানিয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হয়েছে। তিনি আরও জানান, শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নতুন অবকাঠামো তৈরি হলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারবে।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। তাদের অভিযোগ, রোদ-বৃষ্টির মধ্যে ছাদের ওপর এভাবে ক্লাস নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষায় বৃষ্টিতে ভিজে কোমলমতি শিশুদের অসুস্থ হওয়ার ভয় থাকে। তারা দ্রুত বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ অথবা প্রয়োজনীয় শ্রেণিকক্ষ সম্প্রসারণের জোর দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, বিদ্যালয়টির শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে অন্তত একটি নতুন ক্লাসরুমের দ্রুত ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button