প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে খালের অবৈধ নেট ও পাটা অপসারণ

বাগেরহাট প্রতিনিধি ঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের হেতালমারি খালের অবৈধ নেট ও পাটা অপসারণ করে দিলেন স্থানীয়রা। মঙ্গলবার (২৮ জুলাই) হেতালমারি খালের উপর নির্মিত অবৈধ নেট ও পাটা অপসারণ করে স্থানীয়রা। জলাবদ্ধতা নিরসন, ধানের বীজ বপন, সবজি চাষে প্রতিবন্ধকতা দূরীকরণ সহ পানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয়দের সাথে অংশ নেন বিএনপি নেতারা। বিএনপি নেতাকর্মীরা স্থানীয়রা জানায়, গত তিন মাস আগে পার্শ্ববর্তী কালিয়া এলাকার গিয়াস গাজী এবং বাঁশতলী এলাকার পলাশ এর নেতৃত্বে বহিরাগত কতিপয় দুষ্কৃতকারী হেতালমারি খালের উপর পাটা ও নেট দিয়ে মাছ চাষের চেষ্টা করে। এছাড়া পার্শ্ববর্তী স্লুইচ গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। এবিষয়টি প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অবগত হলে সরকারি খালের উপর নির্মিত নেট পাটা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখা এবং স্থানীয়দের পানি ব্যবহারের নির্দেশনা দেন। বর্তমান সরকারের নির্দেশনা ও জন দাবির প্রেক্ষিতে এলাকাবাসি ও স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় খালের উপর অবৈধ পাটা ও নেট অপসারণ করে। এতে এলাকায় স্বস্তি ফিরে আসে। রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাজারুল ইসলাম সাজু বলেন, সরকারি খালে অবৈধ পাটা ও নেট দিয়ে কতিপয় ব্যক্তি মাছ চাষ করছিল। এতে খালের দুই পাশের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তি থেকে রক্ষা পেতে স্থানীয় এলাকাবাসী অবৈধ নেট ও পাটা অপসারণ করে।



