স্থানীয় সংবাদ

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার, ইমন খন্দকার ও নড়িয়া উপজেলার আচুড়া এলাকার রাব্বি। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদককারবারি ধরার কথা বলে অভিযুক্তরা ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে একটি নির্জন স্থানে বেঁধে রাখা হয়। এরপর তার ব্যবহৃত মোবাইলফোন থেকে স্ত্রীকে কল করে বাড়ি থেকে বের হতে বলা হয় এবং তাকে নিয়ে আসার জন্য একজনকে পাঠানো হয়। নির্জন স্থানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার স্বামীকে বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই তিন অভিযুক্ত তাকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। পরে ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তদের মাদকসংক্রান্ত লেনদেন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button