খুলনা বিভাগে আরও ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮৫ জনের মধ্যে সর্বোচ্চ ৫২ জন বাগেরহাট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা জেলায় ১৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, কুষ্টিয়ায় ১ জন এবং মেহেরপুরে ২ জন ভর্তি হয়েছেন। যশোর, সাতক্ষীরা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা জেলায় মোট ৩৭৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬২ জন, বাগেরহাটে ৬৬৪ জন, সাতক্ষীরায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, যশোরে ২১৯ জন, ঝিনাইদহে ২৬ জন, মাগুরায় ৬২ জন, নড়াইলে ৯৯ জন, কুষ্টিয়ায় ৪৮ জন এবং মেহেরপুরে ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিভাগে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭১২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চলতি বছরে মোট ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে খুলনা বিভাগে এ পর্যন্ত মোট ৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং বাগেরহাটে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।



