খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর হাম পরীক্ষায় নিশ্চিত হয়নি। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮ হাজার ৫০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৮১৫ জন। এ সময়ে সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, একই সময়ে ল্যাব পরীক্ষায় বিভাগের ৩৩৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে শৈলকূপা জেলায়। এছাড়া মাগুরায় ১০ জন, খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৬ জন, নড়াইলে ২ জন, মেহেরপুরে ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহে ২ জন, বাগেরহাটে ৫ জন, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তবে কোনো জেলাতেই নতুন করে হাম নিশ্চিত হয়নি।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলাভিত্তিক নিশ্চিত হাম রোগীর মধ্যে বাগেরহাটে ৬৯ জন, নড়াইলে ৬৭ জন, যশোরে ৫৮ জন, খুলনায় ৪৫ জন, কুষ্টিয়ায় ২৩ জন, সাতক্ষীরায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। রোগ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে এমআর (হাম-রুবেলা) টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।



