খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪৫

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই সকাল পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭২ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে যশোরে সর্বোচ্চ ১০ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, খুলনা জেলায় ৮ জন, বাগেরহাটে ৬ জন, নড়াইলে ৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কুষ্টিয়ায় ২ জন এবং ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরে একজন করে রোগী ভর্তি হয়েছেন। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৬২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৮ জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ২৪ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৬৭০ জন, খুলনা জেলায় ৩৮৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭১ জন, যশোরে ২২৯ জন, নড়াইলে ১০৩ জন, মাগুরায় ৬৩ জন, কুষ্টিয়ায় ৫০ জন, মেহেরপুরে ৪৮ জন, ঝিনাইদহে ২৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন এবং সাতক্ষীরায় ৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিকল্প নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।



