চট্টগ্রাম থেকে চুরি হওয়া এক্সকাভেটরসহ চার জন খুলনায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ চট্টগ্রামের চাঁদগাঁও থানার চুরির মামলার চার জনকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া এক্সকাভেটর উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো, ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), ইকরাম হোসেন (৪৬) ও আব্দুর শুকুর (৩২)। র্যাব ৬ এর অধিনায়ক লে কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং র্যাব-৭, স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আড়ংঘাটা থানার বকুলতলা মোড় সংলগ্ন মীনা বাড়ী ও শামীমের পাটের গোডাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই চার জনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। আড়ংঘাটা থানার ওসি মোঃ হালিমুর রহমান বলেন, চট্ট্রগ্রামের একটি মামলায় তাদের চট্টগ্রামের পুলিশ এসে নিয়ে গেছে।



