তরুণ-যুব সমাজকে মাদক কিশোর গ্যাং ও সকল অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

# ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে এড. মনা #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রীড়া ক্ষেত্র শুধু সুস্থ বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির ডিসিপ্লিন, একতা এবং একাত্মতার প্রতিফলন ঘটায়। ফুটবল এমন একটি খেলা, যা দলের প্রতি আনুগত্য, সঠিক নেতৃত্ব, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখায়। মাঠের প্রতিটি সেকেন্ডের সংগ্রাম আমাদের জীবনের বাস্তবতার সাথে গভীরভাবে সম্পর্কিত। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং এবং নানা অন্যায়-অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা একজন তরুণকে অনুশাসিত রাখে এবং সমাজকে ইতিবাচক বার্তা দেয়। আমাদের আজকের যুবসমাজ ফুটবল মাঠ থেকে শুরু করে সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে এটাই সকলের প্রত্যাশা।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকালে নগরীর ২১নং ওয়ার্ডের ৫ নম্বর ঘাট বালুরমাঠে ৩২দলীয় জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র ফাইন খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২১নং ওয়ার্ডের ইয়ং স্টার বয়েজ ক্লাব ৩২দলীয় এ টুর্নামেন্ট এর আয়োজন করে। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মো. মিজানুর রহমান ও মো. গাউস হাওলাদার। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, আধুনিক প্রযুক্তি এবং স্ক্রিন-টাইমের এই যুগে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শারিরিক সক্রিয়তা। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখে এবং মানসিক উৎকর্ষ সাধন করে। মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) শুধু ভৌত অবকাঠামো নির্মাণ বা নগর উন্নয়নের কাজই করে না, বরং এই শহরের সুস্থ পরিবেশ, পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা এবং একটি সমৃদ্ধ ও সুস্থ সমাজ গঠনেও বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য খুলনাকে এমন একটি আধুনিক ও প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলা, যেখানে আমাদের যুবসমাজ সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সব সুবিধা পাবে। পরে নগরীর ৩০নং ওয়ার্ডের দিলখোলা রোডের মরিয়াম জামে মসজিদে আসর নামাজবাদ দোয়া মাহফিলে অংশ নেন তিনি। পরে শ্রীতলাবাড়ী মন্দির নির্মাণ কাজ পরিদর্শন করেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা। এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক কেএম বদরুল আনাম, মহানগর কৃষকদলের আহবায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান সজীব ও শেখ আব্দুস সালাম প্রমুখ।।



