স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৩৮ সন্দেহজনক হাম শনাক্ত : নিশ্চিত একজন

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় একজনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ কার্যালয়ের প্রকাশিত জেলা ভিত্তিক হামের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, মাগুরায় ৯ জন, কুষ্টিয়ায় ৮ জন, ঝিনাইদহে ৪ জন, সাতক্ষীরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, নড়াইলে ২ জন এবং মেহেরপুরে একজনের হাম শনাক্ত হয়েছে। এ সময় যশোর ও বাগেরহাটে নতুন কোনো সন্দেহজনক হাম শনাক্ত হয়নি। একই সময়ে বিভাগের একমাত্র নিশ্চিত হামের রোগী নড়াইল জেলার। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৫৭০ জন সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ৭ হাজার ৮৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগে মোট ৩৩৭ জনের হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে ৬৯ জন, নড়াইলে ৬৮ জন, যশোরে ৫৮ জন, খুলনায় ৪৫ জন, সাতক্ষীরায় ২৪ জন, কুষ্টিয়ায় ২৩ জন, মাগুরায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত হামের রোগী নেই। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত খুলনা বিভাগে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং শিশুদের সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button