খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে ৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। এ সময় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত জেলা ভিত্তিক হাম পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা শেষে ২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনায় ১১ জন, কুষ্টিয়ায় ১৮ জন, মাগুরায় ১৬ জন, নড়াইলে ১১ জন এবং সাতক্ষীরায় ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে চুয়াডাঙ্গায় ২ জন, খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় ৮ জন, মাগুরায় ২ জন, মেহেরপুরে ১ জন, নড়াইলে ৪ জন এবং সাতক্ষীরায় ২ জনসহ মোট ২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৭২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৭১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় ৭ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৩৩ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নেই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা এবং জ্বর, শরীরে লালচে দানা বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি।



