খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮১ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
রোববার (২ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( সাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে সর্বোচ্চ ৩৫ জন, খুলনা জেলায় ২১ জন, যশোরে ১২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, মাগুরা ও মেহেরপুরে ২ জন করে এবং নড়াইল ও সাতক্ষীরায় একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৯৩৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৪ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



