স্থানীয় সংবাদ

গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ আটক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম ও মো. মুশফিক উল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহলের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button