স্থানীয় সংবাদ

খুলনায় পরিবেশ সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী : পরিবেশ ও প্রকৃতিরক্ষাসহ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা পাবলিক কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজের প্রতিটি স্তরে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে সচেতন হওয়া জরুরি এবং পরিবার থেকেই প্রথম সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পারিবারিক বন্ধন শক্তিশালীকরণ, কাজের ফাঁকে সন্তানদের সময় দেয়া, তাদের নিয়মিত খোঁজ-খবর নেয়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা দরকার। একই সাথে সন্তানদের খারাপ বন্ধু থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ‘মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এ সচেতনতামূলক প্রতিপাদ্য ঘোষণা করেছে সরকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে আকৃষ্ট করতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করছে। সরকার পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য প্রত্যেককে গাছের চারা রোপণ, পরিচর্যায় অনুপ্রাণিত করতে হবে। বৃক্ষই পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ায় শক্তিশালী হাতিয়ার। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব সবার। পরিবেশ রক্ষায় এখনই সবাইকে সোচ্চার হতে হবে। খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান ও কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। এতে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হারুন-অর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button