কুয়েটে ‘গাইডলাইনস ফর আইএবি অ্যাক্রেডিটেশন’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘গাইডলাইনস ফর আইএবি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আর্কিটেকচার বিভাগে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কিটেকচার শিক্ষার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি কুয়েটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষকবৃন্দ অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা, মানদ- ও প্রক্রিয়া সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর ২৬তম এক্সিকিউটিভ কাউন্সিলের সেক্রেটারি (প্রফেশন) আর্কিটেক্ট এম. ওয়াহিদ আসিফ এবং সেক্রেটারি (সেমিনার অ্যান্ড কনভেনশন) আর্কিটেক্ট সাইদা আক্তার মুমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট আইকিউএসি-এর ডিরেক্টর প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। সওয়ার্কশপে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনের প্রয়োজনীয় গাইডলাইন, কারিকুলামের মানোন্নয়ন এবং আর্কিটেকচার এডুকেশন ও প্রফেশনের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণের বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।



