জাতীয় সংবাদ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল মঙ্গলবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গত সোমবার ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। বিএনপির এই ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হলো, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এই গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে-খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে। তিনি বলেন, তারেক রহমানও প্রার্থী হয়েছেন। তিনি যদি বাংলাদেশে আসেন, আমরা তাকেও স্বাগত জানাই। জামায়াত ইসলামের আমির, তিনিও প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি মজলুম ছিলেন, তাকেও আমরা স্বাগত জানাই। আমরা ভাবছি কীভাবে খালেদা জিয়া, তারেক রহমান, জামায়াতের আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর-যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সহযোদ্ধা, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টে নিয়ে আসা যায়। এনসিপির নেতা আরও বলেন, সেই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button