খেলাধুলা

নতুন ৪ নিয়মে বদলে যাচ্ছে বিশ্বকাপের চেহারা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ১৯৭০ সালে এসেছিল হলুদ ও লাল কার্ড। ২০১৮ সালে বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হয় ভিএআর। ২০২২ সালে কাতারে অতিরিক্ত সময় নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া হয়। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপেও আসছে বেশ কিছু নতুন নিয়ম। ৪টি নতুন নিয়ম বিশ্বকাপের চেহারাই বদলে দিতে চলেছে এবার। হাইড্রেশন বিরতি ঃ গরমের মধ্যে খেলোয়াড়দের পানি পান করার বিরতি আগেও দেওয়া হতো। কিন্তু এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে এই বিরতি থাকবে Ñ আবহাওয়া যাই হোক না কেন। ঠান্ডা পরিবেশে বা বন্ধ ছাদের মাঠেও প্রতি অর্ধের মাঝামাঝিতে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। ফিফা জানিয়েছে, ‘কোনো আবহাওয়া বা তাপমাত্রার শর্ত থাকবে না। সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতে সব ম্যাচেই রেফারি এই বিরতি দেবেন।’ সমালোচকরা অবশ্য বলছেন, এতে ম্যাচ কার্যত চার ভাগে ভাগ হয়ে যায়; যা আমেরিকার শীর্ষ খেলাগুলোর ধাঁচে এবং মার্কিন সম্প্রচারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ করে দেয়। ভিএআরের নতুন ক্ষমতা ঃ আগে ভিএআর শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে পারত। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে দেখা যাবে। এছাড়া ‘স্পষ্টভাবে ভুলভাবে দেওয়া কর্নার’ পর্যালোচনার সুযোগও পাবে ভিএআর, তবে শর্ত হলো, এই পর্যালোচনা তাৎক্ষণিকভাবে এবং খেলা পুনরায় শুরুতে দেরি না করে শেষ করতে হবে। সময় নষ্ট করলে ‘শাস্তি’ ঃ গোলকিক, থ্রো-ইন আর বদলির ক্ষেত্রে এবার কাউন্টডাউন চালু হবে। কেউ বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। মানে গোলকিক হয়ে যেতে পারে কর্নার, আর থ্রো-ইন চলে যেতে পারে অন্য দলের হাতে। ইতোমধ্যে গোলকিপারদের জন্য আট সেকেন্ডের সীমা চালু আছে। এবার রেফারি মনে করলে থ্রো-ইন বা গোলকিকের জন্য পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। না ছাড়লে বদলি খেলোয়াড় পরের স্টপেজের আগে নামতে পারবেন না। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে এক মিনিট বাইরে থাকতে হবে। মুখ ঢাকলে লাল কার্ড ঃ প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে লাল কার্ড দেখানো যাবে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকেছিলেন। পরে তাকে ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পরই নতুন এই নিয়ম এল। এছাড়া সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখানো যাবে। দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কে দিলেও একই শাস্তি পাবেন। ফিফা জানিয়েছে, ‘যে দল ম্যাচ পরিত্যাগ করবে তারা নীতিগতভাবে সেই ম্যাচ হেরে যাবে।’ চলতি বছর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন। শেষমেশ ফিরে এসে ম্যাচ জিতলেও শিরোপা কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button