ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে পা রাখছেন তিনি। বয়সের হিসেবে অনেকেই ধারণা করছেন, এটাই হয়ত পর্তুগিজ মহাতারকার শেষ বিশ্বকাপ অভিযান। ফলে নাইজেরিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচটিকে অনেকে পর্তুগালের জার্সিতে তার ঘরের মাঠে শেষ উপস্থিতি হিসেবেও দেখছেন। তবে রোনালদো কিংবা তার কোচের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। মাঠে ও মাঠের বাইরে নিজের ফিটনেস, শৃঙ্খলা এবং পারফরম্যান্স ধরে রাখার যে উদাহরণ রোনালদো তৈরি করেছেন, তাতে তাকে এখনই আন্তর্জাতিক ফুটবলের শেষ প্রান্তে পৌঁছে গেছে বলে মনে করছেন না অনেকেই। পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজও একই ধরনের বার্তা দিয়েছেন। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজ দলের অধিনায়কের প্রশংসা করে বলেন, জাতীয় দলের জন্য রোনালদোর নিবেদন এবং পেশাদারিত্ব অন্যদের জন্য অনুকরণীয়। তার মতে, দলের প্রয়োজনে রোনালদো প্রতিদিন নিজেকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রাখেন এবং প্রতিটি মুহূর্তে দলকে সাহায্য করার চেষ্টা করেন। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ জানান, বর্তমানে জাতীয় দলের কোনো খেলোয়াড়ই দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে ভাবছে না। তিনি বলেন, ফুটবলে ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়। চোট, পরিস্থিতির পরিবর্তন কিংবা অন্যান্য অনাকাক্সিক্ষত ঘটনা যেকোনো সময় একজন খেলোয়াড়ের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। পর্তুগাল কোচের ভাষ্য অনুযায়ী, দল এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে বর্তমানের দিকে। অনুশীলনে সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়া, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করা এবং দেশের হয়ে খেলতে পারার গর্ব অনুভব করাই তাদের প্রধান লক্ষ্য। মার্তিনেজ মনে করেন, রোনালদো প্রতিদিন তার কাজের মাধ্যমে এই মানসিকতারই প্রতিফলন ঘটান। আগামীকাল আরও ভালো করার জন্য আজকে কী করা যায়, সেটিই তার চিন্তার মূল বিষয়। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অর্জন ইতোমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে, যেখানে ম্যাচসংখ্যা ২২৭। পাশাপাশি ১৪৩ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা হয়ে আছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রোনালদো এখনো জাতীয় দল থেকে অবসরের কোনো ইঙ্গিত দেননি। ফলে বিশ্বকাপ-পরবর্তী সময়েও তাকে পর্তুগালের হয়ে দেখা যেতে পারে কি না, সেই আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগে এটিই পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচ। তাই কোচ মার্তিনেজ পুরো স্কোয়াডকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ম্যাচে একাধিক পরিবর্তন আনা হবে যাতে দলের প্রত্যেক খেলোয়াড় কিছু সময় মাঠে থাকার সুযোগ পান। এমনকি কয়েকজন ফুটবলারের জন্য এটি জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচও হতে পারে। বিশ্বকাপের আগে তাই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও, পর্তুগাল শিবিরের বার্তা স্পষ্টÑতারা আপাতত ভবিষ্যৎ নয়, বর্তমান নিয়েই ভাবছে। আর সেই বর্তমানের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মিস্টার সিআরসেভেন।



