ভূমিকম্পে পা হারানো শিশুর ইচ্ছা পূরণ করলেন রোনালদো

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা ফুটবলবিশ্ব মগ্ন, তখন ভেনেজুয়েলার ১০ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস লড়ছে জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে। ভয়াবহ দুটি ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছে সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট এই ফুটবলভক্ত। এমন পরিস্থিতিতেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে তা বিশ্বকাপের অ্যালবামে সংরক্ষণ করতে চেয়েছিল সে। শিশুটির সেই আকাক্সক্ষার কথা পৌঁছে যায় পর্তুগিজ তারকার কাছে। ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেননি রোনালদো। নিজের একটি ভিডিও বার্তার পাশাপাশি স্বাক্ষর করা একটি জার্সি এবং কাক্সিক্ষত স্টিকার পাঠিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার। ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।’ ছোট্ট ভক্তের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন রোনালদো। অবশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির এর আগেও বহুবার গড়েছেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।



