খেলাধুলা

‘আমি কখনোই দায়িত্ব এড়িয়ে যাইনি’, পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিয়ুস

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ব্রুনো গিমারাইসের মিস করা পেনাল্টি। ম্যাচ তখনও গোলশূন্য। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, টুর্নামেন্টে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র কেন পেনাল্টি নিলেন না? সমালোচনার জবাব দিতে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ভিনিসিয়ুস জানিয়েছেন, পেনাল্টি শুটার নির্বাচন ছিল পুরোপুরি কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত। ম্যাচের সময় দেখা গেছে ভিনিসিয়ুস পেনাল্টি নিতে প্রস্তুতও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রুনো গিমারেসকেই পেনাল্টি নিতে দেখা যায়। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, ‘কোচ ম্যাচের আগেই ঠিক করে দেন কে পেনাল্টি নেবে। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তার ওপরই আস্থা রেখেছেন।’ পেনাল্টি নেওয়া থেকে তিনি নিজে সরে দাঁড়িয়েছিলেন, এমন অভিযোগও নাকচ করে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘অনেকে হয়তো বলবে আমি পেনাল্টি নিতে চাইনি। কিন্তু আমি কখনোই দায়িত্ব এড়িয়ে যাইনি। কোচ যখন আমাকে দায়িত্ব দেন, তখন আমি রিয়াল মাদ্রিদের হয়েও পেনাল্টি নিই। আমি কখনোই নিজেকে লুকিয়ে রাখিনি।’ এদিকে, টুর্নামেন্টে চার গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হলেও দলকে শেষ আটে তুলতে পারেননি এই উইঙ্গার। ব্রাজিলের বিদায়ের পর কোচ আনচেলত্তির কৌশল ও পেনাল্টি শুটার নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না ভিনিসিয়ুস, ‘আমাদের সামনে যা আছে, তার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button